প্রলয় বা গভীর সমাধি


                বাগেশ্রী -- আড়া


নাহি সূর্য, নাহি জ্যোতিঃ নাহি শশাঙ্ক সুন্দর,
ভাসে ব্যোমে ছায়াসম ছবি বিশ্ব চরাচর।।
অস্ফুট মন-আকাশে, জগতসংসার ভাসে,
ওঠে ভাসে ডোবে পুনঃ অহং-স্রোতে নিরন্তর।।
ধীরে ধীরে ছায়াদল, মহালয়ে প্রবেশিল, বহে মাত্র ‘আমি’ ‘আমি’ — এই ধারা অনুক্ষণ।।
সে ধারাও বদ্ধ হ’ল, শূন্যে শূন্য মিলাইল,
‘অবাঙমনসোগোচরম’, বোঝে প্রাণ বোঝে যার।।