১৪
(প্রমদাবাবুকে লিখিত)

শ্রীশ্রীদুর্গা সহায়

বাগবাজার, কলিকাতা
২রা সেপ্টেম্বর, ১৮৮৯

পূজ্যপাদেষু,

মহাশয়ের দুইখানি পত্র কয়েক দিবস হইল পাইয়াছি। মহাশয়ের অন্তরে জ্ঞান ও ভক্তির অপূর্ব সম্মিলন দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছি। আপনি যে তর্কযুক্তি পরিত্যাগ করিতে উপদেশ দেন, তাহা অতি যথার্থ বটে এবং প্রত্যেক জীবনেরই উদ্দেশ্য তাহাই — ‘ভিদ্যতে হৃদয়গ্রন্থিঃ’ ইত্যাদি। তবে কি না আমার গুরুমহারাজ যে প্রকার বলিতেন যে, কলসী পুরিবার সময় ভকভক ধ্বনি করে, পূর্ণ হইলে নিস্তব্ধ হইয়া যায়, আমার পক্ষে সেইরূপ জানিবেন। বোধ হয়, দুই-তিন সপ্তাহের মধ্যে মহাশয়ের সহিত সাক্ষাৎ করিতে পারিব — ঈশ্বর মনোবাঞ্ছা পূর্ণ করুন। ইতি

দাস
নরেন্দ্র


ভিদ্যতে হৃদয়গ্রথিশ্ছিদ্যন্তে সর্বসংশয়াঃ।
   ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে॥ — মুণ্ডকোপনিষৎ, ২, ২।৮