২৭১
নিউ ইয়র্ক
১৪ এপ্রিল, ১৮৯৬
কল্যাণবরেষু,
তোমার পত্রে সবিশেষ অবগত হইলাম। শরৎ পৌঁছিয়াছে সংবাদ পাইলাম। তোমার প্রেরিত Indian Mirror (ইণ্ডিয়ান মিরর) ও পত্র পাইলাম। লেখা উত্তম হইতেছে, বরাবর লিখিয়া যাও। দোষ দেখা বড়ই সহজ, গুণ দেখাই মহাপুরুষের ধর্ম — এ-কথা ভুলিবে না। ‘মুগের ডাল তৈয়ার হয় নাই’ মানে কি? ভাজা মুগের ডাল পাঠাইতে আমি পূর্বেই নিষেধ করিয়াছি, ছোলার ডাল ও কাঁচা মুগের ডাল পাঠাইতে বলি। ভাজা মুগ এতদূর আসিতে খারাপ ও বিস্বাদ হইয়া যায়, সিদ্ধ হয় না। যদি এবারও ভাজা মুগ হয়, টেমসের জলে যাইবে ও তোমাদের পণ্ডশ্রম। আমার চিঠি না পড়িয়াই কাজ কেন কর? চিঠি হারাও বা কেন? যখন চিঠি লিখবে, পূর্বের পত্র সম্মুখে রাখিয়া লিখিবে। তোমাদের একটু business (কাজ-চালানর) বুদ্ধি আবশ্যক। যে-সকল কথা আমি জিজ্ঞাসা করি, তাহার উত্তর প্রায়ই পাই না — কেবল আবোল-তাবোল! … চিঠি হারায় কেন? ফাইল হয় না কেন? সকল কাজেই ছেলেমানুষি! আমার চিঠি হাটের মাঝে পড়া হয় বুঝি? আর যে আসে, সে-ই ফাইল টেনে চিঠি পড়ে বুঝি? … You need a little business faculty. … Now what you want is organization — that requires strict obedience and division of labour. I will write out everything in every particular from England, for which I start to-morrow. I am determined to make you decent workers thoroughly organized.১ …
‘Friend’ (ফ্রেণ্ড — বন্ধু) শব্দ সকলের প্রতি ব্যবহৃত হয়। ইংরেজী ভাষায় ও-সকল cringing politeness (দীনা হীনা ভদ্রতা) নাই; ঐ সকল বাঙলা শব্দের তর্জমা হাস্যাস্পদ হয়। রামকৃষ্ণ পরমহংস, ঈশ্বর, ভগবান্ — ও-সকল এদেশে কি চলে? M— has a tendency to put that stuff down everybody’s throat, but that will make our movement a little sect. You keep separate from such attempts. At the same time, if people worship him as God, no harm. Neither encourage, nor discourage. The masses will always have the person, the higher ones, the principle; we want both. But principles are universal, not persons. Therefore stick to the principles he taught; let people think whatever they like of this person. … Truce to all quarrels and jealousy and bigotry! These will spoil everything. ‘The first should be last and the last first’.২
‘মদ্ভক্তানাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ততমা মতাঃ’ (আমার ভক্তগণের যাহারা ভক্ত, তাহারাই আমার শ্রেষ্ঠ ভক্ত)। ইতি
বিবেকানন্দ
১
তোমাদের একটু কাজ-চালানর বুদ্ধি
থাকা প্রয়োজন। এখন তোমাদের চাই সঙ্ঘবদ্ধ হওয়া। সেজন্য সম্পূর্ণ
আজ্ঞাবহতা এবং শ্রম বিভাগের প্রয়োজন। আমি প্রত্যেকটি বিষয় খুঁটিনাটিভাবে
ইংলন্ড থেকে লিখে পাঠাব, কাল ইংলন্ড যাত্রা করছি। তোমাদের আমি সঙ্ঘবদ্ধ
সুন্দর কর্মীতে পরিণত করবই।
২
সকলের জোর করে ঐ ভাবটা গেলাবার
চেষ্টা ম-- এর আছে। কিন্তু তাতে আমরা একটা ছোট সম্প্রদায়ে পরিণত হব।
তোমরা এ সকল প্রয়াস থেকে পৃথক থাকবে। অথচ যদি লোকে তাঁকে ঈশ্বর বলে পূজা
করে, ক্ষতি নাই। তাদের উৎসাহও দিও না, নিরুৎসাহও করো না। সাধারণ মানুষ
চিরকাল ব্যক্তিই চাইবে, উচ্চশ্রেণীরা তত্ত্বটি গ্রহণ করবে। আমরা দুই-ই
ছাই, কিন্তু তত্ত্ব সার্বভৌম, ব্যক্তি নহে।