৪৫ক
ওঁ নমো ভগবতে রামকৃষ্ণায়
গাজীপুর
১০ই মে, ১৮৯০
প্রিয় তুলসীরাম —
দুচার দিনের ভেতর এক ঝুড়ি গোলাপ ফুল তোমার চিৎপুরের ঠিকানায় পাঠানো হবে। তুমি দয়া করে সঙ্গে সঙ্গে উহা শশীর নিকট পাঠিয়ে দিও। (বরাহনগর শ্রীরামকৃষ্ণ মঠে) — বি-বসুর নামে পাঠাচ্ছি না। কারণ তিনি গেঁতোমি করবেন এবং ফুলগুলোর পক্ষে সেটা মৃত্যুর সামিল হবে। বোধ করি তোমার চিৎপুর কয়লা ডিপোয় পাঠালে সরাসরি তুমি পাবে। যদি বাধা থাকে, সঙ্গে সঙ্গে আমাকে লিখো। বাবুরাম এখানে আছে। দু-এক দিনের মধ্যে এলাহাবাদ যাবে। আমি এখান থেকে শীঘ্র চম্পট দেবো। সম্ভবতঃ বেরিলি যাবো এবং আরো উপরে। বলরামবাবু কি করছেন? আমার প্রণামাদি তোমাদের সকলকে জানাচ্ছি।
তোমাদের
নরেন্দ্র